নাগদা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

নাগদা নদীকে অবিলম্বে দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে মারাত্মক দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে এ নদী। শুক্রবার(১৩মার্চ) বিকাল ৪টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও গর্জন এর যৌথ আয়োজনে গাজীপুর জেলার অন্তর্গত পুবাইলের সমরসিং গ্রামে নাগদা নদী রক্ষায় করণীয় বিষয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল, ‘চুনতি রক্ষায় আমরা’-এর সমন্বয়ক সানজিদা রহমান, ধরা ও বাংলা মাউন্টেরিং এন্ড ট্রেকিং ক্লাবের সদস্য মাসফিকুল হাসান টনি, গর্জন সমাজকল্যাণ সংস্থার সদস্য ফারজানা ঊর্মি ছাড়াও স্থানীয় তিন শতাধিক গ্রামবাসী এই মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় তারা নাগদা রক্ষায় বৃহত্তর নাগরিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শরীফ জামিল বলেন, ঢাকার এমন একটি গুরুত্বপূর্ণ নদী সবার চোখের সামনে হারিয়ে যাবে, তা মানা যায় না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার আগে নদী রক্ষায় সুনির্দিষ্ট প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। এখন দেখার বিষয় তাঁরা তা কতটা বুঝে বলেছেন এবং কতটা পালন করতে চান। ছোট্ট নাগদা হতে পারে তাদের জন্য উৎকৃষ্ট টেস্ট কেস। 

এদিকে নাগদা নদী রক্ষায় ওই কর্মসূচি থেকে তিন দাবি তুলে ধরে বলা হয়, নাগদা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে এমন স্বল্প দৈর্ঘ্য ও উচ্চতার সকল সেতু অপসারণ করতে হবে, নাগদা নদীকে অবিলম্বে দখল ও দূষণমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং নদীর স্বাভাবিক নাব্যতা ও প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত নদী খনন এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।

জানা গেছে গাজীপুর ও নরসিংদী জেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ নাগদা নদী, যা তুরাগ নদী থেকে উৎপত্তি হয়ে টঙ্গীখালের সাথে মিলিত হয়েছে। ২টি স্বল্প উচ্চতা ও দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে সরকারিভাবে নদীটির গলা টিপে হত্যা করা হয়েছে। একসময় জীবন্ত, স্বচ্ছ ও প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই নদী মাত্র এক দশক আগেও মাছের প্রাচুর্যে ভরপুর ছিল। কিন্তু বর্তমানে নদীটি মশা ও কচুরিপানার ভাগার হয়ে দুই পাড়ের কৃষকসহ সাধারণ মানুষের জন্য একটি অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। ক্রমবর্ধমান শিল্পায়ন ও কলকারখানার বিষাক্ত বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে নদীতে ফেলার পাশাপাশি তুরাগ ও টঙ্গীখাল থেকে আসা শিল্পবর্জ্যে নাগদা নদীর অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত