ফেনীতে জালনোটসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ ফারুক ভুঞা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার কাছ থেকে জালনোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। গ্রাফিকস ডিজাইন শেখার পর নিজেই জাল নোট তৈরি করা শুরু করেন এক যুবক। পরে সেই জাল নোট দিয়ে বাজারে কেনাকাটা করতে যান তিনি। তবে এক দোকানি এ জাল টাকা শনাক্ত করার পর তাঁকে আটক করে পুলিশে দেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ফেনীর রানিরহাট এলাকায় এক যুবক জাল টাকা দিয়ে কেনাকাটা করার অভিযোগে স্থানীয় লোকজন ফারুককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে এক হাজার, পাঁচ শ, দুই শ, এক শ ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফারুক জেলার দাগনভূঞা উপজেলার মুন্সীরহাট বাজারের ‘পিক অ্যান্ড পে’ নামের একটি দোকানে বসে জাল নোট তৈরি করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে চাকরি না পেয়ে গ্রাফিকস ডিজাইনের বিভিন্ন কোর্স করেন। এরপর প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন। কাজের ফাঁকে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি শিখে স্বল্প সময়ে লাভের আশায় তিনি এই কাজে জড়িয়ে পড়েন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ঈদ উল ফিতর সামনে রেখে জাল নোট বাজারে ছাড়ার উদ্দেশে ফারুক এগুলো তৈরি করে মজুত রেখেছিলেন। ঈদের বাজারে জাল টাকার বিস্তার রোধে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত