ইরানকে হয়ত কিছুটা সাহায্য করছে রাশিয়া: ট্রাম্প

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ এএম

চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার ভূমিকা নিয়ে বড় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ইরানকে এই যুদ্ধে রাশিয়া ‘কিছুটা সাহায্য’ করছে। তবে এই বিষয়টিকে তিনি খুব একটা অস্বাভাবিক মনে করছেন না। বরং ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রসঙ্গ টেনে তিনি রাশিয়ার এই সাহায্যকে এক প্রকার ‘যৌক্তিক’ বলে ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ফক্স নিউজ রেডিওকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি (ভ্লাদিমির পুতিন) হয়তো কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, এমনটা হতে পারে।” তিনি আরও যোগ করেন, “তিনি (পুতিন) হয়তো ভাবছেন যে আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না? ব্যাপারটা এমনই—ওরা করে, আমরাও করি।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন সংবাদমাধ্যমগুলো অভিযোগ করছে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ক্রেমলিন।

রাশিয়ার এই কথিত সহায়তা নিয়ে এতদিন ট্রাম্প প্রশাসন কিছুটা নীরব থাকলেও সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিয়ে মুখ খোলেন। যদিও তিনি গোয়েন্দা তথ্যের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি, তবে তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া নজরে আছে। তিনি বলেন, “কারা কার সাথে কী কথা বলছে, তা আমরা জানি এবং এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।”

রাশিয়া ও চীন এখন পর্যন্ত ইরানকে সরাসরি সামরিক বা গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মস্কো এবং বেইজিং তাদের রাজনৈতিক ও অন্যান্য উপায়ে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধকালীন নিরাপত্তার স্বার্থে এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার প্রতি তার নমনীয় বা কিছুটা বাস্তববাদী কূটনীতিরই বহিঃপ্রকাশ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তার বিপরীতে রাশিয়া যদি ইরানকে সহায়তা করে, তবে তাকে সরাসরি ‘শত্রুতা’ হিসেবে না দেখে আন্তর্জাতিক রাজনীতির একটি সাধারণ অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত