বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার রাজধানীতে এক ইফতার মাহফিলে
বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি। পিলখানা হত্যাকান্ড এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সম্মানে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকা- ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে। এ ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তিনি বলেন, জাতি আজ প্রকৃত সত্য জানতে চায়। জামায়াত কখনো দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকান্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে। জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জাতি চায় দেশে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না। দেশের সব মানুষের প্রতিও আমাদের একই কমিটমেন্ট।
অনুষ্ঠানে পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
