মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা।

বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রাতে দেশ রূপান্তরকে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে নিউরোর আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে।

এর আগে বিকেলে ডা. রফিক সাংবাদিকদের জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। বেলা সোয়া ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এর আগে সকালে সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ারকেয়ারের অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। অসুস্থতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষে সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব : চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি রউফ জালালের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বাদ জুমা রউফ জালালের বাড়িতে গিয়ে মরহুমের পরিবারের সার্বিক খোঁজখবর নেন আতিকুর রহমান রুমন।

বগুড়া থেকে বহুল প্রচারিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় প্রয়াত রউফ জালালের সঙ্গে একসময় কাজ করতেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তাই বগুড়ায় এসেই প্রথমে সাংবাদিক জালালের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।

গত বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক রউফ জালাল (৭০) মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে বুধবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত