প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে অপহরণ, ৭ দিনেও মেলেনি খোঁজ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলশিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে শিমুল নামের এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হদিস মেলেনি মেয়েটির। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।

অভিযুক্ত মো. শিমুল (১৮) চাটমোহর উপজেলার বড় শালিকা এলাকার হাসান আলীর ছেলে। আর অপহৃত স্কুল ছাত্রী পাশ্ববর্তী উপজেলা ভাঙ্গুড়ার নুরনগর এলাকার লুৎফর রহমানের মেয়ে আরাবি আফরোজ লাবন্য (১৬)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী লাবন্য ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা মডার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। তার খালার বাসা চাটমোহরের বড় শালিকা এলাকায় হওয়ার সুবাদে ওই এলাকার যুবক মো. শিমুলের নজরে পড়ে। এরপর তাকে বিভিন্ন সময় প্রেম প্রস্তাব দিলেও লাবন্য সেটিতে সম্মতি না দেয়ায় কয়েকজনের সহযোগিতায় লাবন্যের স্কুল থেকে গত ৮ মার্চ তাকে অপহরণ করে নিয়ে যায় শিমুল। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, লাবন্যকে অপহরণ করা হয়েছে। এঘটনায় সেদিনই শিমুলসহ কয়েকজনকে অভিযুক্ত করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন লাবন্যের বাবা। তবে ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো লাবন্য উদ্ধার হয়নি।

এ ব্যাপারে অপহৃদ লাবন্যের বাবা লুৎফর রহমান বলেন, আমার মেয়ে অপহরণের পর ওই ছেলের পরিবার নিজে থেকেই বলে তাদের ছেলে শিমুল আমার মেয়েকে অপহরণ করেছে। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ দেই। কিন্তু ব্যবস্থা নিচ্ছি, দেখছি বলে এক সপ্তাহ অতিক্রম হচ্ছে। আমার মেয়ের কোনও খোঁজ পুলিশও দিতে পারেনি। আমার মেয়ে বেঁচে আছে, নাকি কি অবস্থায় আছে- আমরা কিছুই জানি না। দ্রুত আমার মেয়েকে উদ্ধারের জোর দাবি জানাই।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। কিছুক্ষণ আগেও আমাদের একটি টিম অভিযানে গিয়েছে। প্রেমঘটিত বা অপহরণ যে ঘটনাই হোক না কেন মেয়েটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক সেহেতু তাকে উদ্ধার করে তার অভিভাকের জিম্মায় দেওয়া হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত