দেশ পরিচালনায় আলেম-ওলামাদের পরামর্শ নেওয়ায় সন্তোষ প্রকাশ হেফাজত আমিরের

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:২১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় আলেম-ওলামাদের পরামর্শ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। দেশের সামগ্রিক কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় আলেম-ওলামাদের সাথে পরামর্শ করে এগিয়ে যাচ্ছেন। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সন্তোষ প্রকাশ করেছেন। শনিবার (১৪মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সাথে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল শেষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এ কথা জানান।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সরকার দেশকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ জেলা উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত