এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি ও জার্সি উন্মোচন

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত এবিজি স্পোর্টস সিটির অত্যাধুনিক জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ক্যাপটেন্স মিট। ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, প্রতিনিধি এবং শিক্ষার্থীদের পদচারণায় এদিন মুখর হয়ে উঠেছিল পুরো অ্যারেনা।

এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের দূরদর্শী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টেই প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করতে যাচ্ছে দেশের ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলার নিয়মাবলি আলোচনা এবং সূচি নির্ধারণের আনুষ্ঠানিক লটারির মধ্য দিয়ে এদিনের জমকালো আয়োজনের সূচনা হয়। পাশাপাশি এদিন প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচনের পর খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়। তারুণ্যের এই বিশাল মিলনমেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় তরুণদের উদ্বুদ্ধ করতে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিশাল অঙ্কের প্রাইজমানি, যেখানে ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। দেশের ক্রীড়াঙ্গনে এবিজি স্পোর্টস সিটিকে একটি আন্তর্জাতিক মানের স্থাপনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'আজকের এই সন্ধ্যা কেবল একটি আয়োজন নয়, এটি তারুণ্যের সঙ্গে তারুণ্যের, স্বপ্নের সঙ্গে সম্ভাবনার এবং পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর মিলনমেলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করাই আয়োজকদের লক্ষ্য, যেখান থেকে উঠে আসা নতুন প্রতিভা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।'

জমকালো এই আয়োজনে আয়োজক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহ জোগান। এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশনস ম্যানেজার সালমান হাসান এবং ক্রিকেট অপারেশনস ম্যানেজার ইকরাম হোসেন রাফি উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। ।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত