নতুন পরিচয়ে শ্রাবন্তী

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৮:১২ এএম

টালিগঞ্জের বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয়। এর সঙ্গে নতুন রাজনৈতিক দল তৃণমূলে যোগ দিয়ে বিধান সভা নির্বাচনেও অংশ নিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এসব বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করছেন অভিনেত্রী। এদিকে খুব শিগগিরই প্রযোজনায় আসছেন বলে জানিয়েছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না। তবে প্রযোজনা যে তিনি করবেন, তা নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি।

আপাতত তার বহুল প্রত্যাশিত ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’ নিয়েই ব্যস্ত শ্রাবন্তী কেবল গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান। এই সিরিজে তাকে দেখা যাবে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে। ৩০ বছরের অভিনয় জীবনে এমন চ্যালেঞ্জিং চরিত্র তার কাছে এক বড় আশীর্বাদ বলে মনে করছেন তিনি। পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে, বাণিজ্যিক ছবির নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ।

অতীতে তিনি রাজনৈতিক দল পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই দলকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উপস্থিত থেকেছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে ঘাসফুলের একাধিক অনুষ্ঠানে। যদিও এখন তাকে সক্রিয় রাজনীতিতে সেই অর্থে দেখা যাচ্ছে না, তবে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে শোনা যাচ্ছে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন শ্রাবন্তী। এই জল্পনা কি সত্যি? জবাবে ভারতীয় গণমাধ্যম আজকালকে শ্রাবন্তী বলেন, এটা আমার কাছেও গুঞ্জন। আমি জানি না কিছু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত