হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে বিশ্বের প্রতি ট্রাম্পের আহ্বান

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন, যাতে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখা যায়। 

তিনি আশা প্রকাশ করেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশও এই নৌপথে জাহাজ পাঠাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর আশপাশে একাধিক তেলবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে। 

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে তেহরান জানিয়েছে, তারা এই নৌপথে অবরোধ অব্যাহত রাখবে। এর ফলে বৈশ্বিক তেলের দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের ১০০% সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান এখনও ড্রোন, মাইন বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় হামলা চালিয়ে হরমুজ প্রণালী খোলা,নিরাপদ ও মুক্ত রাখবে।

এদিকে ইরান সতর্ক করেছে, তাদের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খারগ দ্বীপে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির জ্বালানি অবকাঠামো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মিত্রদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। অন্যদিকে ব্রিটিশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার  সামরিক উপস্থিতি জোরদার করতে এইচএমএস ড্রাগন ইতোমধ্যে সাইপ্রাসে মোতায়েনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত