ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করা পাঁচজন বন্দীকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের অবশিষ্ট সাজার মেয়াদ শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত পাঁচজন কয়েদির বাকি সাজা মওকুফ করেছেন। তারা সবাই অর্থদণ্ডের বেশি সাজা ভোগ করেছেন এবং নিজ নিজ সাজার অর্ধেকের বেশি সময় জেলে কাটিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই পাঁজনের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন: চাঁদপুর জেলা কারাগারের কয়েদি আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), একই কারাগারের কয়েদি মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. আব্দুল করিম (৫৬)।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানা ও প্রযোজ্য অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত