ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার শপথ নিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘যদি এই জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রী এখনো বেঁচে থাকে, তবে আমরা পূর্ণশক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করার চেষ্টা অব্যাহত রাখব।’
নেতানিয়াহুকে কয়েক দিন ধরে জনসমক্ষে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে আইআরজিসি এ বিবৃতি দিয়েছে।
দুই সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে এ যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ হামলায় নিহত হন ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলি খামেনি।
উপসাগরীয় অঞ্চলে চলমান এই সংঘাতের তৃতীয় সপ্তাহেও যুদ্ধের আঁচ কমেনি। যুদ্ধের ১৬তম দিনে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ও প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। গত শনিবার মধ্যরাতের পর থেকে দেশটিতে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইরাক ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে।
যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে ইরানকে সামরিক, প্রযুক্তি ও তথ্যগত সুবিধা দিচ্ছে রাশিয়া-চীন। সে কারণেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন অনেক বেশি নির্ভুলভাবে আঘাত হানছে।
ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক আহত : ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টার ইসরায়েলে শতাধিক মানুষ আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, আইআরজিসি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এর মধ্যে চারটি স্থানে প্রথমবারের মতো মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সেজিল’ ব্যবহার করা হয়েছে। সেজিল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র সাত মিনিটে পাড়ি দিতে পারে।
ইসরায়েল সেনাবাহিনী জানায়, তারা দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান থেকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে।
ইসরায়েলের বিরুদ্ধে অনেক দিন ধরে তথ্য লুকানোর অভিযোগ আছে। এর মধ্যেই দেশটি জানায়, সংঘাত শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ৩ হাজার ১৯৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহতদের সংখ্যা জানালেও ইসরায়েল নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
ইসরায়েলের অস্ত্রের মজুদ কমছে : যুদ্ধের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইসরায়েলের অস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমছে। দেশটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুদ কমে আসছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে। এর ফলে সেগুলো মাঝপথে আটকে দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং ইসরায়েলের মজুদে থাকা ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং তারা এ ধরনের কোনো সংকটের সম্মুখীন নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না তা এখনো স্পষ্ট নয়।
এসব সত্ত্বেও ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সিএনএনকে জানান, ইসরায়েল অন্তত আরও তিন সপ্তাহ ইরানে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে অন্তত ইহুদি উৎসব পাসওভার পর্যন্ত পরিকল্পনা রয়েছে, যা এখন থেকে প্রায় তিন সপ্তাহ পর। তার পরের আরও তিন সপ্তাহের জন্যও আমাদের গভীর পরিকল্পনা রয়েছে।’
খারগ দ্বীপে আবার হামলার ইঙ্গিত : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি মনে করেন তেহরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী। তবে ওয়াশিংটন আরও ভালো শর্তের জন্য লড়াই চালিয়ে যাবে। এমনকি তিনি ইরানের তেলের হাব ‘খারগ দ্বীপে’ আবার বোমাবর্ষণের ইঙ্গিতও দিয়েছেন।
ট্রাম্প জানান, তেলের চালান পরিবহন নির্বিঘœ করতে যুক্তরাষ্ট্রের বাহিনী হরমুজ প্রণালির উত্তরে ইরানি উপকূলে হামলা জোরদার করবে।
আন্তর্জাতিক অভিযানের আহ্বানে সাড়া নেই : তেল সরবরাহ নিশ্চিত করতে ট্রাম্প একটি আন্তর্জাতিক নৌ-অভিযানের প্রস্তাব দিয়েছেন। তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে এই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানান।
তবে এ বিষয়ে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি। জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইনে সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠানো অত্যন্ত কঠিন। আর ফ্রান্স সরাসরি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চীন বলেছে, স্থিতিশীল ও বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষের।
যুদ্ধের পরিধি না বাড়াতে ইরানের হুঁশিয়ারি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলমান যুদ্ধের পরিধি বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বিশে^র অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল ব্যারটের সঙ্গে টেলিফোন আলাপে আরাঘচি অন্য দেশগুলোকে ‘সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং বিস্তার ঘটাতে পারে, এমন যেকোনো কর্মকা- থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
বর্তমানে ইরানি হামলার হুমকির মুখে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত বন্ধ হয়ে আছে। এ প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ২১ মাইল চওড়া। ট্রাম্প হরমুজ প্রণালি আবার চালুর ঘোষণা দিলেও কাজটা যে মোটেও সহজ নয়, তা স্পষ্ট।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত। তিনি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালিটি পার হতে কোনো বাধা নেই।
‘নিরাপত্তা উদ্বেগে’ অনেকেই তা করছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইরানের কিছু করার নেই। আরাঘচি যোগ করেন, এখন অনেক ট্যাংকার ও জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।
সৌদি ছাড়তে নাগরিকদের বলল যুক্তরাষ্ট্র : মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে এবং ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
আলোচনার আহ্বান রাশিয়ার : চলমান যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন রাশিয়া। দেশটি হামলা বন্ধ করে ওয়াশিংটন ও তেল আবিবকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অন্যান্য দেশের মতোই ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরানের জনগণের স্বার্থ রক্ষা এবং তাদের স্বাধীনতা ও সমৃদ্ধি আনার লক্ষ্যে বোমা হামলা চালানোর পশ্চিমা দাবিকে উপহাস করেন তিনি।
