মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিপুল পরিমাণ গাঁজসহ সোহেল শেখ (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল শেখ তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জাফরগঞ্জ গ্রামের চাকরিচ্যুত এক পুলিশ সদস্য সোহাগ মাদক কারবারির সঙ্গে জড়িত এবং তার মাধ্যমে একটি বড় চালান এলাকায় এসেছে। তথ্য অনুযায়ী মাদক কারবারি সোহাগ ওই চালানটি সোহেল নামের এক ব্যক্তির বাড়িতে এনে সংরক্ষণ করে রাখে। এরপর গতরাতে সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেলসহ মোট চারজনের নাম পাওয়া গেছে। অন্যদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য সোহাগ, তার স্ত্রী শান্তা বেগম এবং আলাউদ্দিন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, শান্তা বেগমের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায়। সেখান থেকে মূলত মাদকের চালান এনে দিতেন শান্তা বেগম। পরে তার স্বামী সোহাগের মাধ্যমে ওই মাদক পার্শ্ববর্তী দৌলতপুর, ঘিওরসহ বিভিন্ন চরাঞ্চলে পাইকারি বিক্রি করা হতো।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেশ রূপান্তরকে বলেন, তিনি থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ কেজি গাঁজাসহ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাহারি আয়োজনে ঈদের ‘আনন্দমেলা’