সরকারি গাছকাটার অভিযোগে শ্রমিকদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমির একটি রেইন্ট্রি কাটার অভিযোগে শ্রমিকদল নেতাসহ চারজনের বিরুদ্ধের মামলা হয়েছে। মামলায় আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আসিফ নূর বাদী হয়ে শনিবার (১৪ মার্চ) এ মামলা করেন। 

মামলার আসামিরা হলেন কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহসভাপতি মো.জসিম মৃধা, কাদের, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস ও রাসেল। 

মামলা অভিযোগে বলা হয়, গত ১১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই সরকারি জমিতে একটি রেইন্ট্রি গাছ ছিল। কিন্তু রাত আনুমানিক ৯টার দিকে গাছটি আর সেখানে দেখা যায়নি। পরদিন বিষয়টি ভূমি অফিসকে জানানো হলে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় যে আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি জমির গাছটি কেটে ভ্যানযোগে অন্যত্র নিয়ে যায়। চুরি হওয়া গাছটির আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার টাকা। এ ঘটনায় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহসভাপতি মো.জসিম মৃধা, কাদের, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস ও রাসেলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মহিপুর থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শ্রমিকদল নেতা মো. জসিম মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিকদলের সহসভাপতি জাহিদুর রহমান বাবু খান বলেন, ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, সরকারি সম্পত্তি চুরির অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত