নারী বান্ধব ‘পিংক অনন্যা’ টয়লেট চালু মহাখালীতে বাস টার্মিনালে

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি টার্মিনালে গিয়ে ঈদযাত্রা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যবেক্ষণ করেন।

এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বাস কাউন্টারের টিকিট বিক্রয় কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি নারী যাত্রীদের সুবিধার্থে একটি নারী বান্ধব ‘পিংক অনন্যা’ টয়লেট উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মহাখালী বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত টার্মিনাল। ঈদকে সামনে রেখে এখানে যাত্রীচাপ বেড়েছে এবং আগামী দিনে তা আরও বাড়তে পারে। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পান এবং টার্মিনালে শৃঙ্খলা বজায় থাকে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিভিন্ন বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ায় বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মনিটরিং করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত