'আগামী চার বছর ২০ হাজার কি.মি. খাল খনন কাজ চলমান থাকবে'

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিলহামলা খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, আমার চোখের সামনে তার চেহারা ভেসে উঠছে, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এসব কর্মসূচির মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে মানুষের কাছে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত