জনগণের জন্য সততার সহিত কিছু করতে চাই বলে জানিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ভূমির বিষয়ে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন আছে। ওপেনলি কিছু বলতে চাই না। আমি জনগণের জন্য সততার সহিত কিছু করতে চাই এবং পর্যায়ক্রমে সকল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।
সোমবার দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
এ দিকে সকালে ১১টায় বেললতা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। নওগাঁ ধানে চাষে সর্বোচ্চ স্থানে রয়েছে। খাদ্যের যে চাহিদা আমাদের রয়েছে তা আমাদেরকেই পূরণ করতে হবে।
মন্ত্রী বলেন, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে সেবা করার জন্য। জনগণকে শুষে খাওয়ার জন্য না। নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে সারা দেশে পুনঃখনন করা হবে।
এসময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
