অনেকদিন ধরেই দর্শকের মন ভরাতে পারছেন না বলিউড সুপারস্টার সালমান খান। টানা কয়েক বছরে সাফল্যের মুখ দেখতে না পারায় মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার মাধ্যমে ঘুরে দাঁড়াতে চান তিনি। সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকের মাঝেও শুরু হয়েছে বেশ আগ্রহ। বিশেষ করে সীমান্ত সংঘাতের পটভূমিতে নির্মিত এই কাহিনি ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার কেন্দ্র তৈরি হয়। তবে মুক্তির আগে আচমকাই বদলে গেল সেই নাম। এখন নতুন নামে ছবিটি আসছে ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ শিরোনামে। নতুন নাম ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবির নতুন প্রচারচিত্রও। তবে নাম পরিবর্তনের কারণ নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে চলচ্চিত্র মহলে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
গত বছরের শেষ দিকে সালমান খানের জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। সেই সময় থেকেই জানা যায়, ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে এগোবে কাহিনি। ছবিতে সালমান খানকে দেখা যাবে ভারতীয় সেনা কর্মকর্তা বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সংঘাতের সময় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম প্রকাশের পরই ছবির বিষয়বস্তু নিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনা শুরু হয়। বিশেষ করে সংঘাতের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত দৃশ্য ও উপস্থাপনা নিয়ে চীনা মহলে আপত্তির সুর ওঠে। সেখানে অভিযোগ ছিল, ছবিতে ঘটনাকে একপাক্ষিকভাবে দেখানো হয়েছে এবং তা জাতীয় আবেগকে উসকে দিতে পারে। এই বিতর্কের পর থেকেই ছবির নাম বদলের সিদ্ধান্তকে অনেকে নতুন কৌশল হিসেবে দেখছেন, যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবির জন্য সালমান খান দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। সেনা চরিত্রে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে শারীরিক অনুশীলনের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনেন তিনি। নিয়মিত প্রশিক্ষণ, চাপ সহ্য করার বিশেষ প্রস্তুতি সব মিলিয়ে চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই তার এই পরিশ্রম। সিনেমার একটি দেশাত্মবোধক গান ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সেই গান থেকেই নতুন নামের সঙ্গে ‘মাতৃভূমি’ শব্দটির মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ফলে ধারণা করা হচ্ছে, ছবির আবেগঘন দিকটিকেই সামনে আনতে এই নাম বেছে নেওয়া হয়েছে। আগামী ১৭ এপ্রিল বড় পর্দায় চলচ্চিত্রটির মুক্তির কথা।
