বহুরূপী তারিক আনাম
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের মেধাবী অভিনেতা, নির্মাতা তারিক আনাম খানকে ওয়েব সিরিজের পাশাপাশি এবার ঈদে ‘একসঙ্গে আলাদা’ নামের একটি ওয়েব ফিল্ম এবং তিনটি নাটকে দেখা যেতে পারে। নাটকগুলো হচ্ছে শহীদ উন নবীর ‘ভূত শ্বশুর’, আশিকুর রহমানের ‘লিলিথ’ ও তাইফুর জাহান আশিকের ‘গুলনাহার’।
তারিক আনাম খান বলেন, এবারের ঈদ উপলক্ষে মূলত তিনটি নাটকে অভিনয় করেছি। তার মধ্যে ভূত শ্বশুরও গুলনাহার কমেডি ঘরানার গল্পের নাটক। লিলিথটা আবার সিরিয়াস গল্পের নাটক। তবে এর মধ্যে গুলনাহার ও লিলিথ প্রচারে আসবে এতটুকু জানি। ভূত শ্বশুর প্রচারে আসবে কি না, তা নিশ্চিত নই। তিনটি নাটকেরই গল্প সুন্দর। নির্মাতারা বেশ আন্তরিকতা দিয়েই নাটকগুলো নির্মাণের চেষ্টা করেছেন। আর ‘একসঙ্গে আলাদাতে’ আমি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার সঙ্গে এতে আরও অভিনয়ে আছে তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, ইয়াশ রোহান ও পারসা ইভানা। বেশ সুন্দর একটি গল্পের ওয়েব ফিল্ম। বিষয়টা এমন যে, এক ছাদের নিচে থাকলেই কী সম্পর্ক গা ঘেঁষে আসে, নাকি বাড়ে ঝগড়ার ভলিউম? একসঙ্গেও আলাদা থাকা যায়? আলাদা থেকেও এক হওয়া যায়? এমন প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে একসঙ্গে আলাদা ওয়েব ফিল্মটি। আশা করছি দর্শকের ভালো লাগবে।
গান-গল্পে মেতে উঠবেন দিঠি
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ার। বিটিভির জন্য তিনি তার বাবা গাজী মাজহারুল আনোয়ারকে ট্রিবিউট করা অনুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’র উপস্থাপনার কাজ করেছেন। সম্প্রতি গ্লোবাল টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী ঈদে দিঠিকে আরও বেশ কয়েকটি চ্যানেলে গান ও গল্পে অংশগ্রহণ করতে দেখা যাবে। স্টার নিউজ টিভিতে দিঠি ও তার বন্ধু দেবাশীষ বিশ্বাসকে ‘ঈদ বন্ধুত্বের উৎসব’ অনুষ্ঠানে দেখা যাবে। দেশটিভিতে ঈদের তৃতীয় দিন সরাসরি গানের অনুষ্ঠানে গান গাইবেন দিঠি। বৈশাখী টিভিতে ‘ঈদ বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশনে দেখা যাবে দিঠিকে। নেক্সাস টিভিতে গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। এ ছাড়া যমুনা টিভি ও সময় টিভিতে গল্প, আড্ডায় অংশগ্রহণ করবেন বলেও জানান দিঠি আনোয়ার। নিজের পেশাগত কাজের ফাঁকে ফাঁকে কিছু সামাজিক কাজও করে থাকেন দিঠি নীরবে নিভৃতে। সেসব কাজ কখনোই তিনি ফোকাসে আনতে চান না। নীরবে নির্ভৃতেই সেসব কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
