রাফিনহার হ্যাটট্রিকে সেভিয়াকে বিধ্বস্ত করল বার্সা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ এএম

লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদকে কোনো ছাড় দিচ্ছে না বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়াকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কাতালানরা। দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

আগের দিন এলচেকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনলে বার্সার ওপর কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সেই চাপ উড়িয়ে দেয় হানসি ফ্লিকের শিষ্যরা।

* রাফিনহার ‘পানেনকা’ ম্যাজিক : ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় বার্সা। বক্সে জোয়াও কানসেলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। রাফিনহা অত্যন্ত ঠা-া মাথায় ‘পানেনকা’ শটে গোলরক্ষক ওডিসিয়াস ভ্লাচোডিমোসকে বোকা বানিয়ে বল জালে জড়ান।

* দ্বিতীয় গোল : ১৮ মিনিটে আবারও কানসেলোর কল্যাণে পেনাল্টি পায় বার্সা। এবারও রাফিনহা সফলভাবে লক্ষ্যভেদ করেন। গোলরক্ষক বলের নাগাল পেলেও জালে যাওয়া আটকাতে পারেননি।

* দানি ওলমোর লক্ষ্যভেদ : ৩৮ মিনিটে মার্ক বার্নালের নিখুঁত ক্রস থেকে স্কোরলাইন ৩-০ করেন দানি ওলমো।

বিরতির আগে সেভিয়ার হয়ে ওসো একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে রাফিনহা তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তার একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে যায়। এরপর কানসেলো নিজে একটি গোল করে ব্যবধান ৫-১ করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জিব্রিল সো সেভিয়ার হয়ে আরও একটি গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

এই জয়ের ফলে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রইল বার্সেলোনা। বর্তমানে তাদের লিগে এটি টানা চতুর্থ জয়।

সেভিয়ার বিপক্ষে এই বড় জয় বুধবার নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগের আগে বার্সার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রথম লেগে ল্যামিন ইয়ামালের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-১ ড্র নিয়ে ফিরেছিল বার্সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত