জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম সরেজমিনে মাঠটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।
তিনি আরও বলেন, গরম আবহাওয়ার কারণে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করব। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওজুখানাসহ মেয়েদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এ কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা নির্দেশনা মেনে ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তায় ব্যাহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না।