আগামী মাসে মুক্তি পাচ্ছে বলিউডের সিনিয়র অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত কন্নড় ছবি ‘কেডি : দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেল ‘সারকে চুনার তেরি সারকে’ নামে ছবির একটি আইটেম গান। যেখানে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করেছেন এই প্রজন্মের আলোচিত মডেল- নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু প্রশংসার পরিবর্তে গানটি সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে। তার কারণ হল ছবির গানের অশ্লীল-চটুল কথা। প্রকাশের খুব অল্প সময়ের মধ্যেই তীব্র সমালোচনা হয় নেটিজেনদের মাঝে। যার সুবাদে বাধ্য হয়ে গানটি সরিয়ে নিল ইউটিউব।
গানটি নিয়ে আপত্তি তুলে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশনও। নেটিজেনদের বড় একটা অংশ গানের কুরুচিপূর্ণ কথার পাশাপাশি বলিউডের বোল্ড বিউটি নোরা ফতেহির নাচের চটুল অঙ্গভঙ্গি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এমন গানের শব্দ এবং অশ্লীল অঙ্গভঙ্গি ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে।
আরেক অংশ আবার ‘আবর্জনা’ বলেও কটাক্ষ করলেন নোরা-সঞ্জয়ের আইটেম গানকে। রবিবারই মুক্তি পেয়েছিল ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি। আর মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কের শিরোনামে নাম লেখায় এই গান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিন্দার ঝড় উঠতেই ইউটিউব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে ওই আইটেম গান।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো নোরা-সঞ্জয়ের আইটেম গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা করে প্রশ্ন তুলেছেন, ‘কোন সভ্য মানুষ তার পরিবারের সঙ্গে বসে এই গানটি দেখতে পারবেন?’ বলিউড মাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট ইস্যুতে ক্ষোভপ্রকাশ করে কন্নড় সিনেনির্মাতাদের ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। পরিচালক ওনিরও আপত্তি তুলে কলম ধরেছেন সোশাল মিডিয়ায়।
সেন্সর বোর্ডকে কাঠগড়ায় তুলে তার মন্তব্য, ‘আমরা ক্রমশ এক অদ্ভুত দেশে পরিণত হচ্ছি। যেখানে ভ্যালেন্টাইনস ডে উদযাপন কিংবা ভিন্ন ধর্মের মানুষের বিয়ে বা উৎসব পালনের বিরোধিতা করা হয়, অথচ এই ধরনের আবর্জনা বা অশালীন বিষয়গুলো দিব্যি মেনে নেওয়া হয়। আর এদিকে সেন্সর বোর্ড পড়ে আছে ঘুষখোর পণ্ডিত সিনেমার নাম নিয়ে!’
মানবিক পরীর রহস্যময় সতর্কবার্তা
ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরীতে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া দুই ইরানি ফুটবলার এখন ব্রিসবেনের মাঠে
পাকিস্তানি ক্রিকেটার দলে নেওয়া ভারতীয়দের প্রাণহানির কারণ: গাভাস্কার