কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, স্বাধীনতার যুদ্ধ এবং সাম্প্রতিক ’২৪-এর আন্দোলনের যে স্বপ্ন ছিল, বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (১৮ মার্চ) কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে হবে। এমন সমালোচনাই দেশ ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সরকার সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।
