ঈদযাত্রায় ট্রেনের ছাদেও উপচেপড়া ভিড়

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

ঈদযাত্রাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর কমলাপুরগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে যাত্রীরা ভোর থেকেই স্টেশনে ভিড় করছেন। 

ট্রেনের ভেতরে আসন না পেয়ে অনেকেই ছাদে উঠে যাত্রা শুরু করেন। এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও যাত্রীদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশনে রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও ছাদে ওঠা যাত্রীদের কার্যকরভাবে বাধা দিতে দেখা যায়নি। এ সময় ছাদে উঠতে গিয়ে এক যাত্রী মাথায় আঘাত পান বলেও জানা গেছে।

এ বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, ‘আমরা সাধারণত ট্রেনের ছাদে যাত্রী উঠতে নিরুৎসাহিত করি। কিন্তু ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ যাত্রী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির, যারা পরিবার নিয়ে গ্রামে ফিরছেন। মানবিক দিক বিবেচনায় অনেক ক্ষেত্রে বাধা দেওয়া সম্ভব হচ্ছে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত