সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নাম ব্যবহার করে একটি বিতর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে। তবে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, আইজিপি এ ধরনের কোনো মন্তব্য করেননি।
আজ শনিবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তিরা একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে বলা হচ্ছে, “কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।”
তবে এই বক্তব্যের সঙ্গে আইজিপির কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি এরূপ কোনো কথা বলেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
