লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলার ধারা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৈরুতের ওই এলাকাগুলোতে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকার সাতটি পাড়ার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছিল ইসরায়েল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর বৈরুতের কেন্দ্রস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর।
লেবানন সরকারের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অব্যাহত এই যুদ্ধের ফলে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
অন্যদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এই সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।
অঞ্চলটিতে চলমান এই উত্তজনা মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
