ইসরায়েলি হামলায় পঙ্গু ইরানের মিসাইল সক্ষমতা?

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্রসহ বেশ কিছু সামরিক স্থাপনায় রাতভর হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত রাতে ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে তারা নিখুঁত হামলা পরিচালনা করেছে। তাদের মূল লক্ষ্য ছিল আইআরজিসির একটি কেন্দ্রীয় স্থাপনা, যেখানে ব্যালিস্টিক মিসাইলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় একটি মিসাইল যন্ত্রাংশ তৈরির গুদাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইলের সরঞ্জাম তৈরির একটি বিশেষ সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের ‌সন্ত্রাসী সরকারের ব্যালিস্টিক মিসাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে ইরান এখন আগের মতো সহজে এসব সমরাস্ত্র তৈরি করতে পারবে না।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের এসব দাবি তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে সক্ষম হয়নি।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত