আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। রবিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত কারাবাও কাপের ফাইনালে গানার্সদের ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে মাত্র ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান তরুণ তারকা নিকো ও'রাইলি। পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটির ৫ম কারাবাও কাপ জয়।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় জয় পেলেও প্রতিপক্ষ আর্সেনালকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন পেপ গার্দিওলা। তিনি বলেন, "মিকেল আর্তেতা এমন এক দল তৈরি করেছে যারা প্রায় অদম্য। ম্যাচের প্রথম ১৫ মিনিট তারা আমাদের শ্বাস নিতে দেয়নি। বায়ার্ন মিউনিখ বা বার্সেলোনার মতোই আর্সেনাল বর্তমানে ইউরোপের সেরা তিনটি দলের একটি।"
গার্দিওলা আরও যোগ করেন, "শিরোপা জেতা সবসময়ই আনন্দের, তবে এবারেরটি বিশেষ। কারণ আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে জিতেছি যারা বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে এবং দুর্দান্ত ফর্মে আছে।"
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন নিকো ও'রাইলি। তার দুই গোলের ধাক্কা সামলে উঠতে পারেনি আর্সেনাল। ২০২০ সালের পর প্রথম বড় কোনো শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে মিকেল আর্তেতার শিষ্যদের।
আর্তেতার দল হারলেও প্রিমিয়ার লিগে বর্তমানে ম্যান সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগ শিরোপা জয়ের লড়াইয়ে সিটিজেনরা গানার্সদের ধরতে পারবে কি না, এমন প্রশ্নে গার্দিওলা বলেন, "আমিও চাইতাম ৯ পয়েন্টের লিড আমাদের থাকুক, কিন্তু এখন সব আর্সেনালের হাতে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব।"
