সেই বেচু মাঝির পরিবারের পাশে এমপি নয়ন

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার চর মাইনকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরে আলম ওরফে বেচু মাঝি নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিহত হওয়ার খবর প্রচারিত হলে মানবিক সহায়তার হাত বাড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে বিশেষ অনুদান তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এ সময় এমপি নয়ন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি নিজের পক্ষ থেকেও আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আরও বলেন, নিহত বেচু মাঝির পরিবারের বসবাসের জায়গাটি স্থায়ীভাবে ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

গত ২০ মার্চ বিকেলে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের চরপাতিলা বয়ার সংলগ্ন নদীতে মাছ ধরতে যান বেচু মাঝি (৬৫)। এ সময় হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তার ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তার দুই ছেলে শাহীন (১২) ও সাকিল (১৪) পানিতে ভেসে থেকে প্লাস্টিকের ড্রামের সহায়তায় প্রাণে রক্ষা পেলেও তাদের বাবাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে বেচু মাঝির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ঈদকে সামনে রেখে চলছিল তাদের প্রস্তুতি। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ বিষাদে পরিণত হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বেচু মাঝির মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত