চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে আবু বক্কর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর গাজীপুরের জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে ৬-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রবিবার গভীর রাতে গাজীপুর থেকে রওনা দেন তারা। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় পৌঁছালে তাদের বহরের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইরান ব্রিটেনকে 'টার্গেট' করছে বলে বিশ্বাসযোগ্য তথ্য নেই: স্টারমার