রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরে চটেছেন ক্লপ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে নিয়ে ফুটবল বিশ্বে গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে তার বসার সম্ভাবনা নিয়ে নিয়মিত খবর প্রকাশ করছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। তবে এবার আর চুপ থাকলেন না এই জার্মান মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবরকে সরাসরি ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি যারা এই খবর ছড়াচ্ছে, তাদের ‘নির্বোধ’ বলতেও দ্বিধা করেননি ক্লপ।

বর্তমানে রেড বুল-এর ‘গ্লোবাল সকার হেড’ হিসেবে কর্মরত ৫৮ বছর বয়সী ক্লপ জার্মানির ইজমানিংয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ ঝেড়ে বলেন, ‘এই খবরগুলো সব নির্বোধদের কাজ। এগুলো পুরোপুরি ভিত্তিহীন। তারা (রিয়াল মাদ্রিদ) আমাকে একবারও ফোন করেনি, এমনকি আমার এজেন্টের সঙ্গেও যোগাযোগ করেনি।’

২০২৯ সাল পর্যন্ত রেড বুলের সঙ্গে চুক্তিবদ্ধ ক্লপ বর্তমানে দলগুলোর কৌশলগত উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। লিভারপুল ছাড়ার পর ক্লপ জানিয়েছিলেন তিনি লম্বা বিরতি নেবেন। তবে ডাগআউটে ফেরার সম্ভাবনা তিনি একেবারে নাকচ করে দেননি। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ক্লপ বলেন, ‘আমার বয়স বাড়ছে ঠিকই, কিন্তু কোচ হিসেবে আমি এখনো ফুরিয়ে যাইনি। অবসরের বয়স আমার এখনো হয়নি। আগামী কয়েক বছরে কী ঘটবে কেউ জানে না, তবে এই মুহূর্তে ফেরার কোনো পরিকল্পনা নেই।’

জার্মানি জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ক্লপ। বর্তমানে জুলিয়ান নাগেলসম্যানের অধীনে থাকা জার্মান দল নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার কোনো চিন্তাভাবনা তার মাথায় নেই এবং সেটার কোনো প্রয়োজনও তিনি দেখছেন না।

ক্লপকে ঘিরে দলবদলের গুঞ্জন ছড়ালেও রেড বুলের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে ছাড়তে নারাজ। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অলিভার মিন্টজলাফ আগেই জানিয়েছেন, ক্লপের কাজে তারা অত্যন্ত সন্তুষ্ট এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ চালিয়ে যেতে চান। চুক্তির আরও তিন বছর বাকি থাকায় আপাতত বোর্ডরুমই হতে যাচ্ছে ক্লপের ঠিকানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত