মাদারীপুর পৌর শহরে নিখোঁজের একদিন পর ইয়াসার সামি (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, পৌর শহরের বাসা থেকে ইয়াসার সামি সোমবার দুপুরে বের হয়। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে খোঁজ না পেয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে পৌর সংলগ্ন জেলা খাদ্য অফিসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাজিন বুদ্ধি প্রতিবন্ধি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার জানিয়েছে রাজিন বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। কিভাবে পানিতে পরে রাজিন মারা গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পরিবারের লোকজনও এ বিষয়টি কোন ধারণা দিতে পারেনি। এটি সাধারণ মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
