লেবানন থেকে ইরানি দূত বহিষ্কার

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লেবানন। আগামী রবিবারের (২৯ মার্চ) মধ্যে তেহরানের এই কূটনৈতিক প্রতিনিধিকে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ কথা জানায় সংবাদ সংস্থা আলজাজিরা।

দেশটির সরকার বলেছে, ইরান কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল ভেঙেছে। লেবানন সরকার সাধারণত এমন ভাষা ব্যবহার করে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি বোঝাতে। বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়ে।

এ ছাড়া ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লেবানন সরকার। ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরানের সঙ্গে লেবাননের সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল, রাষ্ট্রদূত বহিষ্কারের এই সিদ্ধান্ত সেটিরই ধারাবাহিকতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত