দশ বছর পর আন্তর্জাতিক ট্যুরে কর্ন

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:২৬ এএম

এক দশকেরও বেশি সময় পর ইউরোপ ও যুক্তরাজ্যে কনসার্ট ট্যুরে যাচ্ছে নিউ-মেটাল ব্যান্ড কর্ন। ২০১৫ সালে সবশেষ কর্ন যুক্তরাজ্য সফরে গিয়েছিল। এরপর বিভিন্ন ফেস্টিভ্যালে পারফর্ম করলেও দীর্ঘদিন পর এবার তারা কনসার্ট সিরিজ নিয়ে ফিরছে। নিজেদের ওয়েবসাইটে ১৯টি কনসার্টের সূচি ঘোষণা করেছে কর্ন।

১৮ অক্টোবর জার্মানির স্টুটগার্টে শুরু হবে তাদের সফর। শেষ হবে ২১ নভেম্বর মিলানে। এর মধ্যে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তারা লিডস, নিউকাসল, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, ডাবলিন ও লন্ডনে কনসার্ট করবে। কর্নের সঙ্গে কনসার্টগুলোতে পারফর্ম করবে পিক্সেল গ্রিপ, ইউথকোড ও আর্কিটেক্টস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে ১৯৯৩ সালে গঠিত হয় কর্ন। নব্বই দশকে নিউ-মেটাল জনপ্রিয় করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখে ব্যান্ডটি। ১৯৯৪ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম ‘কর্ন’। এর চার বছর পরের অ্যালবাম ‘ফলো দ্য লিডার’ দিয়ে তারা বিশ্ব জুড়ে সফলতা পায়।

২০০০ সালে ‘ফ্রিক অন আ লিশ’-এর জন্য সেরা মিউজিক ভিডিও ও ২০০৩ সালে ‘হেয়ার টু স্টে’র জন্য সেরা মেটাল পারফরম্যান্সের গ্র্যামি জিতে নেয় কর্ন। মোট আটবার তারা গ্র্যামি মনোনীত হয়েছে। সব মিলিয়ে ১৪টি স্টুডিও অ্যালবাম মুক্তি পেয়েছে কর্নের। এর মধ্যে সবশেষ অ্যালবাম ‘রিকুয়েম’ প্রকাশ পায় ২০২২ সালে। বর্তমানে কর্ন ব্যস্ত লাস ভেগাসসহ যুক্তরাষ্ট্রে  বিভিন্ন শহরে কনসার্ট নিয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত