ব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ ঘটনায় যুবক খুন

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৩৮ এএম

বগুড়া সদরের ফাঁপোড় খন্দকার পাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্না ওই এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের ভাই মাহবুব খন্দকার জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ছেলের জন্য রুটি কিনতে ফাঁপোড় স্কুলের পাশে দোকানে গিয়েছিল আরিফুল। সেখান থেকে ফেরার পথে ৫-৬ জন তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। তাকে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মুসাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাতে নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। হামলার ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত মাসাকিন ও সুজন জানান, গত শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের টর্চলাইটের আলো জ্বালান তিনি। এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।                  

সর্বশেষ সর্বাধিক পঠিত