পানিতে ডুবে ১০ শিশুসহ ১১ জনের মৃত্যু 

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৪০ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিক ড্রামের তৈরি ভাসমান পরিত্যক্ত সাঁকো উল্টে পানিতে ডুবে দুই পরিবারের চার সহদোরসহ পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শনিবার বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরের দিন সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন করা হয়।

মারা যাওয়া শিশুরা হলো, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০), তার ছেলে মিহাত (১৪), একই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা বেগম (১২) ও দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলী বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১৪)।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করতে বিকাল থেকেই থানার সামনে নদের পশ্চিম তীরে ভিড় করে নানা বয়সী দর্শনার্থী। বিকাল ৪টার দিকে সাঁকোর ওপর দিয়ে পার্কে যাওয়ার সময় সেটি উল্টে যায়। এ সময় শতাধিক মানুষ নদের পানিতে ডুবে যায়। এ ঘটনায় ৬ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-বিন-রশিদকে প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তারকে সদস্য সচিব করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় আমাদের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।’ জেলা প্রশাসক ইউসুফ আলী বলেন, ‘কমিটি ৭-১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধা সদর উপজেলায় অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং অপুর্ব চন্দ্র (৪) নামের দুই শিশু খালের পানিতে ডুবে মারা গেছে। গত ১৯ মার্চ দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালী ইউপি সদস্য সানা মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, এ দিন বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব, অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। ৃমন্দিরের পাশের খালে গিয়ে পড়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

মাদারীপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদরসহ বিভিন্ন উপজেলার এ ঘটনা ঘটে। মাদারীপুর পৌর শহরে নিখোঁজের একদিন পর জেলা খাদ্য অফিসের পুকুর থেকে সকাল সাড়ে ৯টার দিকে রাজিন ইয়াসার সামি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর সংলগ্ন জেলা খাদ্য অফিসের পুকুরে সামির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সামি বুদ্ধিপ্রতিবন্ধী ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কালকিনিতে ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে গতকাল সকালে পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ওছিম উদ্দিন হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই বাড়ির আবুল কাশেমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নূর আলম মামুন জানান, সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত