ভিয়েতনামের নাগরিকত্ব পাওয়া ব্রাজিলের ফুটবলার খেলবেন বাংলাদেশের বিপক্ষে

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের আগে ভিয়েতনাম জাতীয় ফুটবল দলে বইছে পরিবর্তনের হাওয়া। প্রথমবারের মতো লাল-হলুদ জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত ফুটবলার দো হোয়াং হেন। ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে তাই আলোচনায় এই অ্যাটাকিং মিডফিল্ডার।

১৯৯৪ সালে ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেন হোয়াং হেন। তখন তার নাম ছিল হেন্ড্রিও আরাউজো দা সিলভা। দীর্ঘ ৫ বছর ভিয়েতনামিজ লিগে খেলার পর ২০২৫ সালের ১৭ অক্টোবর তিনি দেশটির নাগরিকত্ব লাভ করেন। এরপর শুরু হয় জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা। এর মধ্যে ভিয়েতনামের ফুটবলে প্রবাসীদের আগমন শুরু হয়। চলতি লিগে ১০ ম্যাচে ৬ গোল এবং ৪ অ্যাসিস্ট করে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি জোরালো করেন হিউয়েন।

ভিয়েতনাম জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন এই ব্রাজিলিয়ান

অবশেষে আসে সেই মুহূর্ত। জাতীয় দলে ডাক পাওয়ার পর গত ২১ মার্চ স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হোয়াং হেন বলেন, ‘আমি এই দিনটির জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করেছি। ভিয়েতনামের জার্সি গায়ে জড়ানো আমার জন্য অনেক বড় গর্বের। যদিও এটি এখন কেবল অনুশীলনের জার্সি, তবুও বুকে ভিয়েতনামের পতাকা থাকাটা দারুণ অনুভূতির। কোচ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন নিজের ওপর বাড়তি চাপ না নিতে। আমি মাঠে নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’ ২০২৫ সালের ১৭ অক্টোবর ভিয়েতনামের নাগরিকত্ব লাভ করেন দো হোয়াং হিউয়েন।

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর হোয়াং হিউয়েন নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন মা ও স্ত্রীর সঙ্গে। হোয়াং হেন গর্বের সঙ্গে জানান যে, তিনি এখন আত্মবিশ্বাসের সঙ্গে পুরো ভিয়েতনামি জাতীয় সংগীত গাইতে পারেন, যার জন্য তিনি দীর্ঘদিন অনুশীলন করেছেন। হিউয়েন বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ভিয়েতনামের নাগরিক হয়েছি। আমি এখানকার মানুষকে ভালোবাসি এবং ভিয়েতনামের ফুটবলে অবদান রাখতে আগ্রহী।’

উল্লেখ্য, ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে ইতিমধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে ভিয়েতনাম। বর্তমানে তারা বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের ঝালিয়ে নিতে চায় তারা। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচের আগে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনামকে হারাতে চায় বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত