২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে দলের সারা দেশের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, সাধারণত দলগতভাবে জাতীয় স্মৃতিসৌধ বা কেন্দ্রীয় শহীদ মিনারে কখনও যাননি জামায়াতের শীর্ষ নেতারা। তবে সর্বশেষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ডা. শফিকুর রহমানসহ দলের সংসদ সদস্যরা। তখনও দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা এ কর্মসূচিতে অংশ নেন। এবারের বিজ্ঞপ্তিতেও একই কথা উল্লেখ করলো দলটি।
এর আগে ২০০১ সালে জোট সরকারের সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন দলটির তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
