সোনার দাম কমেছে সাড়ে ৫ হাজার টাকা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:১০ এএম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। নতুন দাম গতকাল বুধবার থেকে কার্যকর করা হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যটির মূল্য সমন্বয় করে থাকে বাজুস। তবে বিশ্ববাজারে গত কিছুদিন ধারাবাহিকভাবে দাম কমলেও দেশের বাজারে মূল্য সমন্বয় করেনি সংগঠনটি। সর্বশেষ পাঁচ দিন দাম সমন্বয় বন্ধ রেখেছিল ব্যবসায়ীদের এ সংগঠন। গতকাল বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৯ মার্চ দুই দফায় ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত কমানো হয়। এ দাম কমানোর পাঁচ দিন পর নতুন দাম ঘোষণা করল বাজুস।

নতুন দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ১৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে ১৯ মার্চ বিকেলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৬৭১, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৯ টাকা কমিয়ে দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ১২৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত