পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে রহিম প্যাদা (৬৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বুধবার নিহতের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারবুনিয়া ইউনিয়নের আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন রহিম প্যাদা। অভিযোগ রয়েছে, স্থানীয় কামাল হাওলাদার প্রায়ই তার দোকান থেকে বাকিতে বিভিন্ন পণ্য নিতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার রাতে রহিম প্যাদাকে মারধর করা হয়। ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন। ঘটনার পর রাত ৯টার দিকে আহত রহিম প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
