স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এই মুহূর্তে দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই। সরকার এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যেগুলোতে প্রশাসক দেওয়া হয়েছে এবং যেগুলোতে ইউএনও ও এসিল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোতে নির্বাচন হবে। নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাজাহানপুর ইউনিয়নে নরেন্দ্রপুর বিলের ওপর নির্মিত ব্রিজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ে মধ্যে দেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে। একই সঙ্গে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় প্রতীকে অর্থাৎ জাতীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচন করার বিষয়টি অধ্যাদেশে রেখেছে। বিগত সরকারের ১৩১টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে। এর মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি অধ্যাদেশ রয়েছে। অধ্যাদেশগুলো সংসদের পাস হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এলে নির্বাচনের ব্যাপারে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন ব্রিজ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
