ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর মগবাজার এলাকায় বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মগবাজার বিশাল সেন্টারের মার্কেটের নবীন পাঞ্জাবির শোরুমে বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সাথে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। উক্ত ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কিনা-তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
