স্মৃতিসৌধে জাপা ও ছাত্রশক্তির হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার জন্য লাইনে অপেক্ষমাণ থাকাকালীন এই উত্তেজনার সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীব উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, জাপার নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে স্লোগান দিতে শুরু করলে পাশেই থাকা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।

জাপার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাপার এক নেতা তাদের নেতার ওপর হামলা করলে তারা ব্যানার ছিঁড়ে ফেলে।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা এখনো জানি না কারা হামলা করেছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।

অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় তারা স্লোগান দেওয়া শুরু করলে জাপার এক নেতা তাদের নেতার ওপর হামলা করে। পরে তাদের নেতাকর্মীরা জাপার ব্যানার ছিঁড়ে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত