কুয়াশাভেজা ভোরের স্নিগ্ধতা আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যের বুক চিরে দৌড়লেন তিন শতাধিক দৌড়বিদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘লাউয়াছড়া ম্যারাথন’।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কমলগঞ্জ রানার্স এর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রানাররা অংশগ্রহণ করেন। অরণ্যের আঁকাবাঁকা আর উঁচু-নিচু পিচঢালা পথে দৌড়বিদদের এই পদচারণা বনের নিস্তব্ধতা ভেঙে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
ভোর থেকেই রানারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা উদ্যান এলাকা। একদিকে স্বাধীনতার চেতনা, অন্যদিকে পাহাড়-টিলার মাঝে সতেজ বাতাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন অংশগ্রহণকারীরা।
কমলগঞ্জ রানার্সের পৃষ্ঠপোষক সৈয়দ জামাল হোসেন ও জাকির হোসেন বলেন, ‘প্রথমবারের আয়োজনে ভালো সাড়া মিলেছে। আমাদের এ আয়োজনের বিশেষত্ব হলো স্বাধীনতার গৌরবকে উদযাপনের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। লাউয়াছড়ার সবুজ অরণ্যে স্বাধীনতার এই দৌড় কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি প্রকৃতির সাথে আমাদের মৈত্রীর বন্ধন এবং দেশপ্রেমের এক অনন্য বহিঃপ্রকাশ।’
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সকল দৌড়বিদদের মেডেল প্রদান করা হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষার শপথ নিয়েই শেষ হয় এই নান্দনিক আয়োজন।
