কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবিব (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় মুমূর্ষাবস্থায় এ যুবককে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম।
নিহত মেহেদী হাসান আবিদ, বান্দরবানের আজিজনগরের গায়নাকাটা এলাকার বাসিন্দা। তবে তার পিতার নাম প্রাথমিক অবস্থায় কেউ নিশ্চিত করতে পারেননি।
আবিদের সঙ্গে ভ্রমণে আসা মোহাম্মদ আরিফ জানিয়েছেন, তারা ৪ জন বন্ধু, সকলেই চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে ৪ জন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। অপর দুইজন হলো মোহাম্মদ তানজিম ও রিপন। দুপুর আড়াইটার দিকে সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে আবিদ স্রোতের টানে নিখোঁজ হন। বিষয়টি সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশ ও লাইভগার্ড কর্মীদের জানানো হয়। বিকাল সাড়ে ৪টার দিকে সৈকতের পানিতে মাঝখানে মুমূর্ষাবস্থায় পাওয়া যায় আবিদকে।
কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম জানান, আবিদকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন।
চোর সন্দেহে সন্তানকে না পেয়ে মা-বাবাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যা