বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। কারা কি কারণে এই শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।
নিহতের বাবা আমিন মুন্সি বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে দাঁড়িয়ে আমরা দুই ভাই ও ছেলে কথা বলছিলাম। হঠাৎ তিনটি মোটরসাইকেলে চড়ে আসা হেলমেট পরিহিত ছয় যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। তখন আমার ছেলে দৌড়ে পালাবার চেষ্টা করে এবং খালের পাড়ে পড়ে যায়। তখন তারা ছেলের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের দল সন্ত্রাসীদের সনাক্ত করার চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
