অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া খুলনার কয়রার সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুলের পরিবারের আকুতির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় রবিবার (৩০ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এ সময় জেডআরএফের সদস্য ডা. এমআর হাসানের সঙ্গে জান্নাতুলের পরিবারের ভিডিও কলে কথোপকথনেরও ব্যবস্থা করা হয়।
জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাদের বাড়ি কয়রা উপজেলায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন। তার সঙ্গে রয়েছে আট বছরের একটি ছেলে।
তিনি বলেন, জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পরে কয়রার একটি হেফজখানায় ভর্তি হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
আজমিরা বেগম বলেন, মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই জান্নাতুলের দুই পা ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। পরবর্তী সময় তার নার্ভের জটিলতা দেখা দেয়। দীর্ঘদিন শয্যাশায়ী থাকায় শরীরে বেড সোরও হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, দুই দিন আগে একজন ভদ্রলোক আমাদের কষ্টের কথা জানিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পেরে অনেকে আমাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এখন মেয়েটিকে সুস্থ করে তোলার আশা করছি।
জেডআরএফের সদস্য ডা. এমআর হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান জান্নাতুলের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেন। তিনি জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বিষয়টি তদারকের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জান্নাতুলের সুচিকিৎসার জন্য সোমবার (৩১ আগস্ট) একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, শনিবার রাতে বিষয়টি জানার পর তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং জান্নাতুল ও তার মায়ের সঙ্গে দেখা করেছেন। জান্নাতুলের দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।