পিএসএলে টসের ফলাফল দেখে একাদশ নির্ধারণের নতুন নিয়ম!

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

ফুটবল মাঠে ফিফা যখন সময় অপচয় রোধে নতুন নিয়ম আনছে, ঠিক তখনই ক্রিকেটের প্রথাগত পদ্ধতি বদলে দিচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০২৬ আসরের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের অধিনায়করা পকেটে দুটি করে একাদশের তালিকা নিয়ে টস করতে নেমেছিলেন। পিসিবির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টসের ফলাফল দেখে অধিনায়করা তাদের চূড়ান্ত একাদশ বেছে নিতে পারবেন।

পিএসএলের নতুন বিধির ১.২.১ ধারা অনুযায়ী, টসের আগে প্রতিটি অধিনায়ক ম্যাচ রেফারির কাছে দুটি ভিন্ন একাদশের তালিকা জমা দেবেন। টস হওয়ার পর জয়ী বা বিজয়ী অধিনায়ক পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো একটি তালিকা চূড়ান্ত করবেন। একবার সই হয়ে গেলে প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া আর কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না। টস হারলেই ম্যাচ হারের যে ভয় এতদিন ছিল, তা দূর করতেই এই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির চেষ্টা।

উপমহাদেশের ক্রিকেট, বিশেষ করে রাতের ম্যাচে শিশির অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয় ইনিংসে বল ভেজা থাকায় স্পিনাররা গ্রিপ করতে পারেন না, যা ফিল্ডিং করা দলের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়ায়। নতুন এই নিয়মের ফলে প্রথমে ব্যাটিং করলে দলগুলো বাড়তি একজন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে পারবে। পরে ব্যাটিং করলে রান চেজিংয়ের সুবিধার্থে ব্যাটিংয়ের গভীরতা বাড়িয়ে নিতে পারবে।

গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের শাহীন শাহ আফ্রিদি ও হায়দরাবাদ কিংসের মার্নাস লাবুশেন—দুজনই দুটি করে তালিকা নিয়ে মাঠে নামেন। যদিও মেঘলা আকাশ আর বাতাসের কারণে প্রথম ম্যাচে শিশিরের তেমন প্রভাব দেখা যায়নি, তবুও এই নিয়ম দলগুলোর রণকৌশলে বড় পরিবর্তন এনেছে। জ্বালানি সংকট আর নিরাপত্তা ইস্যুতে দর্শকশূন্য গ্যালারিতেই চলছে পিএসএলের বর্তমান আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত