কৃষককে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করাই হচ্ছে কৃষিকার্ডের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে সকল কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। এটাও ফ্যামিলি কার্ডের মত আস্তে আস্তে দেশের প্রতিটা উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। আর এই কৃষিকার্ডের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষককে স্বাবলম্বী করা,অর্থনৈতিকভাবে স্বচ্ছল করা।
হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে ডা.জাহিদ এসব কথা বলেন।
কৃষক কার্ডের মূল নিশ্চয়তার প্রসঙ্গে তিনি বলেন, কৃষকের ফসল উৎপাদনের জন্য যে খরচটা হয়,এর সঙ্গে একটু লাভ যদি না হয়,তাহলে কৃষক সেটা উৎপাদন করবে না। কাজেই একবার যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়,পরবর্তীতে সে চাষে উৎসাহিত হবে না। বীজ ও সার যাতে বাজারে পাওয়া যায়, কৃষকরা যাতে সহজে পেতে পারে। আর এসব কিছু নিশ্চিত করবে কৃষক কার্ড।
কৃষিপণ্য বাজারজাতকরণে দুর্নীতি বা বেশি দাম যাতে না নেওয়া হয় সে সব বিষয়ে সজাগ থাকার কথা জানিয়ে সমাজকল্যান মন্ত্রী বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জিডিপির সবচেয়ে মেজর পোর্শন আসে কিন্তু আমাদের অভ্যন্তরীণ উৎপাদন থেকে। তাছাড়া সবচেয়ে বেশি লোক কাজ করে কৃষি বিভাগে। তাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা দিয়ে ছিলেন কৃষকদের ১০ হাজার টাকা লোন পরিশোধের সেটা তিনি গত ২৫ ফেব্রুয়ারির পর্যন্ত যা ছিল সব তা মাফ করে দিয়েছেন।
তিনি বলেন, পাট একসময় আমাদের গর্ব ছিল কিন্তু সেই পাট কোনোভাবেই হোক আমাদের অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে দুর্বল হয়েছে। কাজেই আমরা পাটের হারানো গৌরব ফেরত আনার চেষ্টা করছি। সেজন্য কৃষকদের আরও বেশি পাট চাষে উৎসাহিত করছি। পাট যত বেশি উৎপাদিত হবে সেটা আমাদের ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি আমাদের দেশের জিডিপিতে এবং আমাদের দেশের পরিবেশে একটা পজিটিভ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা,হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
