টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইনে বসে থাকাকালে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার(২৭মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের তিনজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
